গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে তালাবদ্ধ ঘর থেকে এক কারখানা কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ মধ্যপাড়ার আতাউর মার্কেট এলাকার ৫তলা ভবনের একটি ফ্লাটে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮)। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবাড়ি গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুরের আমবাগ মধ্যপাড়া এলাকার জনৈক মাসুদ রানার বাড়ির ওই ফ্লাটে ভাড়া থেকে স্থানীয় গাজীপুর ফিড মিল লিমিটেড কারখানায় একাউন্টস অফিসার (হিসাব রক্ষণ কর্মকর্তা) পদে চাকুরী করতেন রফিকুল ইসলাম।
রবিবার বেলা ১১টার দিকে রফিকুলের মোবাইলে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পান। বাবার খোঁজ না পেয়ে বিষয়টি নিহতের সহকর্মী রুবেল রানাকে অবহিত করেন ছেলে। এরপ্রেক্ষিতে অফিস থেকেও দীর্ঘক্ষণ চেষ্টা করে রফিকুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একপর্যায়ে তার খোঁজ নেওয়ার জন্য অফিস থেকে দুই কর্মচারীকে বাসায় পাঠানো হয়। তারা বাসায় গিয়ে দরজায় তালাবদ্ধ দেখতে পান। দুপুরে তারা বাড়ির মালিককে সঙ্গে নিয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে খাটের ওপর রফিকুল ইসলামের রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পান।
রফিকুল ইসলামের রুমের বিভিন্ন জিনিস পত্র ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবী করা হয়েছে। তারা এঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।
জিএমপি’র কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন বলেন, নিহতের রক্তাক্ত লাশ খাটের ওপর পড়েছিল। তার মাথায় ও ডান উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
