জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘শিক্ষার্থীরা সচিবালয়ে এসেছে, তাদের কতগুলো বিষয় যৌক্তিক ছিল। আমরা এখনো কোনো লাশের হিসাব পাইনি। সরকার বলেছে তারা অতিদ্রুত হিসাব প্রকাশ করবে। এটা যেমন আশার দিক কিন্তু গতকাল (সোমবার) থেকে সরকার নীরব ছিল। যখন পরিস্থিতি সৃষ্টি হয়, তখন থেকে ঘটনা স্থলে স্বাস্থ্য উপদেষ্টাকে দেখিনি, সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি তাদের আমরা দেখিনি। জাতি একটা অন্ধকারে ছিল। সরকারের পক্ষ থেকে কথা বলেছে এটা আমাদের কাছে আশার দিক।
গতকাল মঙ্গলবার বাদ আসর নোয়াখালী জেলা মডেল মসজিদে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য দোয়া শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। গতকাল এই খবর শোনার পর আমরা ফেনীতে আমাদের পদযাত্রা স্থগিত করেছি। এনসিপির উদ্যোগে সারা দেশের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের ছোট ভাইয়েরা যারা শ্রেণিকক্ষে ক্লাস করতে গিয়ে এই ধরনের একটি ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করেছি। এবং যারা হসপিটালে আছে তাদের আরোগ্য কামনা করে আমরা এখানে প্রার্থনা করেছি।
আমাদের এই সময়ে সবচেয়ে বড় ফোকাস হওয়া উচিত তাদের স্বাস্থ্য ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা তাদের ক্ষতিপূরণের জন্য দাবি তুলেছে, আমরা তাদের সঙ্গে সহমর্মিতা পোষণ করছি।
