পায়ে বল লাগায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পান্ত

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১১:২০ পিএম

‎ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম দিনই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন ভারতের উইকেটকিপার ব্যাটার রিশাভ পান্ত। ভারতের ইনিংসের মাঝপথে চোট পান তিনি, তখন মাত্রই নিজের ইনিংস জমিয়ে তুলছিলেন এই আগ্রাসী বাঁহাতি ব্যাটার।

‎চা বিরতির পর ক্রিস ওকসের একটি ইয়র্কার লেন্থ ডেলিভারিতে রিভার্স সুইপ খেলতে গিয়ে পায়ে বল লাগে পান্তের। প্রথমে ইংল্যান্ড এলবিডব্লিউর আবেদন করলেও রিভিউতে দেখা যায়, ব্যাটে লেগে বল তার ডান পায়ের বুটে আঘাত করেছে। ইনিংসে ৪৮ বলে ৩৭ রান করেছিলেন তিনি, যাতে ছিল ২টি চার ও একটি ছয়।

‎চোট পাওয়ার পর পান্ত সঙ্গে সঙ্গেই বুট খুলে ফেলেন এবং অন-ফিল্ড চিকিৎসা নেন। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে তার ডান পায়ে মারাত্মক ফোলাভাব, এরপর ব্যথায় কুঁকড়ে থাকা পন্তকে ব্যাগিতে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

‎তখন ভারতের স্কোর ছিল ২১২/৩। ১৪০/৩ অবস্থায় ধুঁকতে থাকা দলকে পান্ত ও সাই সুদর্শন ৭২ রানের জুটিতে বের করে এনেছিলেন ।

‎এর আগে লর্ডসে তৃতীয় টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন পান্ত, যে কারণে ম্যাচের একটি বড় সময় উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন রিজার্ভ কিপার ধ্রুব জুরেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত