বৃষ্টির সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৮:২৩ এএম

১৫ জুলাইয়ের পর দীর্ঘদিন তাপদাহে পুড়েছে রাজধানী। বিরামহীন গরমে হাঁসফাঁস করা নগরবাসী শেষমেশ কিছুটা স্বস্তি পেয়েছেন গতকাল বুধবার দিবাগত রাতের টানা বৃষ্টিতে। সেই রাত থেকেই আকাশ ভেঙে নামে ঝুমবৃষ্টি, সঙ্গে ছিল প্রচণ্ড বজ্রপাত, চোখধাঁধানো বিদ্যুৎ ঝলকানি আর গর্জন করা মেঘের শব্দ।

এরপর থেকেই ঝিরঝিরে বৃষ্টি চলছে। আজ বৃহস্পতিবার সকালেও থামেনি এই ধারা। দিনের শুরুতে বৃষ্টির মধ্যে রাস্তায় বেরিয়ে পড়া কর্মজীবীদের পড়তে হয়েছে ভোগান্তিতে।

এদিকে দেশের সাতটি অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ১১টা ৪০ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত