রিয়ালের 'পার্ট-টাইম ফুটবলার’ এনদ্রিক 'বিয়েতে বেশি মনযোগী', জাপান সফর ঘিরে প্রশ্ন

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০১:১২ পিএম

জাপানে উড়ে গেছেন এনদ্রিক। উদ্দেশ্য—পুরনো হ্যামস্ট্রিং ইনজুরির পুনরাবৃত্তি থেকে দ্রুত সেরে ওঠা। মে মাসে চোট পাওয়া এই ব্রাজিলিয়ান তরুণ প্রাক-মৌসুম প্রস্তুতির সময় ফের ব্যথা অনুভব করেন। তাই চিকিৎসা ও পুনর্বাসনের গতি বাড়াতে তিনি এখন জাপানে। লক্ষ্য, সেপ্টেম্বরের মাঝামাঝি ফিরতে পারা।

তবে রিয়াল মাদ্রিদ ভক্তদের একাংশ এতে মোটেও সন্তুষ্ট নন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এন্দ্রিকের সাম্প্রতিক ছবি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে তার ব্যক্তিগত জীবনের দিকটি নিয়ে। কেউ কেউ মন্তব্য করেছেন, 'ও তো শেষ!', আবার কারও মতে, 'ও এখন যেন পার্ট-টাইম ফুটবলার হয়ে গেছে।'

আরেকজন সমর্থক হতাশ গলায় লেখেন, 'ও ফুটবলের চেয়ে বিয়েতে বেশি মনোযোগ দিচ্ছে। এটা তো রিয়াল মাদ্রিদের মানসিকতা নয়।'

জাপানে স্ত্রীর সঙ্গে এনদ্ৰিক

বস্তুত, ব্রাজিলে থাকতে থাকতেই এন্দ্রিক বিয়ের জন্য আলোচনায় ছিলেন। তরুণ বয়সে এমন সিদ্ধান্ত নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এখন ইনজুরির মধ্যে থেকেও সেই আলোচনায় তার ঘন ঘন ব্যক্তিগত ছবি প্রকাশ করায় অনেকে মনে করছেন, ফুটবলের চেয়ে অন্যান্য বিষয়েই যেন বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।

তবে মাদ্রিদ কর্তৃপক্ষ কিংবা কোচিং স্টাফ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

জাপানে স্ত্রীর সঙ্গে এনদ্ৰিক

প্রসঙ্গত, প্যালমেইরাস থেকে রিয়ালে আসার আগেই এন্দ্রিককে ঘিরে ছিল আকাশছোঁয়া প্রত্যাশা। তরুণ বয়সে দেশের ফুটবলে আধিপত্য দেখিয়েছেন, তারুণ্যের আগুন ছড়িয়েছেন আন্তর্জাতিক ম্যাচেও। তবে ইউরোপিয়ান মঞ্চে নামার আগেই এভাবে ইনজুরি ও সমালোচনার মুখে পড়া তার জন্য চাপেরই বার্তা।

রিয়ালের জার্সিতে অভিষেকের আগেই এন্দ্রিকের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ—শরীর ও মন দুটোই ঠিক করে ‘রিয়াল মাদ্রিদ মানসিকতা’য় ফিরে আসা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত