কেম্যান দ্বীপপুঞ্জে চলমান ম্যাক্স৬০ টি–১০ লিগে হঠাৎ দেখা দিয়েছে বড় ধরনের বিশৃঙ্খলা। বেতন-বোনাস না মেলায় খেলোয়াড়েরা ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে মঙ্গলবার একদিনেই বাতিল হয়েছে পাঁচটি ম্যাচ।
এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশ তারকা সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ও ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের মতো তারকা ক্রিকেটাররা। কিন্তু ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, খেলার আগেই অর্থ পরিশোধের প্রতিশ্রুতি থাকলেও এখনও বকেয়া রয়েছে বেশির ভাগ ক্রিকেটারের পারিশ্রমিক। ফলে ক্ষোভে ফেটে পড়ে তারা খেলায় অংশ নিতে অস্বীকৃতি জানান।
মায়ামি ব্লেজ দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান ছিলেন দারুণ ছন্দে। ব্যাট হাতে ছয় ম্যাচে করেছেন ৫২ রান, স্ট্রাইক রেট ১৫৭.৫৭। সর্বোচ্চ রান ৩৩। বল হাতে নিয়েছেন ৫ উইকেট, সেরা বোলিং ফিগার ২/১১। ইকোনমি রেট ৮.৪৬। তার নেতৃত্বে ভালো অবস্থানে ছিল দলটি। কিন্তু আর্থিক অনিশ্চয়তায় সব উল্টো পথে হাঁটছে।
টুর্নামেন্টটি পরিচালনা করছে দুবাই ভিত্তিক সংস্থা ‘বিএমপি স্পোর্টস’। তারা শুরুতে ঘোষণা দিয়েছিল ফাইনাল ম্যাচ হবে ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংসের মধ্যে—যদিও তখনও একাধিক ম্যাচ বাকি ছিল। পরে সেই ঘোষণা গোপনে সরিয়ে নিয়ে ‘গ্র্যান্ড কেম্যান ফ্যালকনস’কে নিয়ে ‘রানার-আপ প্লে-অফ’ আয়োজনের ঘোষণা দেয় তারা। এতে আরও ঘোলাটে হয়ে ওঠে পুরো পরিস্থিতি।
খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, 'চুক্তিগুলোকে আয়োজকেরা যেন কেবল কাগজের টুকরো বলে মনে করছে। আইসিসি অনুমোদিত ইভেন্টে খেলোয়াড়দের নিরাপত্তা আরও জোরালো করা প্রয়োজন।'
তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি আয়োজক সংস্থা বিএমপি স্পোর্টস। রহস্যঘেরা অবস্থান নিয়ে তারা যেন পুরো টুর্নামেন্টকেই ঠেলে দিয়েছে দিশাহীনতার দিকে।
'রাজনীতি নয়, দরকার ঐক্য', ঢাকায় একতার আহ্বান নকভির
জার্মানির রক্ষণ ভেঙে ইউরোর ফাইনালে স্পেন, ফের মুখোমুখি ইংল্যান্ডের