একাদশে পাঁচ পরিবর্তনের যে ব্যখ্যা দিলেন লিটন

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১১:২০ পিএম

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ থাকলেও তার ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ। বরং সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি তারা হেরেছে ৭৪ রানের বড় ব্যবধানে। এই ম্যাচে পাঁচ পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। কিন্তু কেন?

 

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের পর আজকের ম্যাচে বাংলাদেশ বিশ্রাম দিয়েছিল ওপেনার পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমানকে। তাদের বদলে একাদশে ঢুকেছেন তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদও নাসুম আহমেদ। তবে এই পরীক্ষা সফল হয়নি।

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাঁচ পরিবর্তনের ব্যখ্যায় অধিনায়ক লিটন দাস বলেন, 'আমাদের যে ১৬ জনের স্কোয়াড, তার সবাই ম্যাচ খেলার জন্য ক্যাপাবল। তাসকিন প্রথম খেলেছে আজ। সাইফুদ্দিন অনেকদিন ধরে ম্যাচ খেলছিল না, তাকেও দেখার বিষয় ছিল। (তানজিদ) তামিম তো আমাদের ওপেনার, সে কামব্যাক করেছে। (তাওহীদ) হৃদয় অসুস্থ, তার জ্বর। তাই সে খেলতে পারেনি। আর নাসুম একটা গেম খেলেছে।'

এর আগে মিরপুরের স্লো উইকেট নিয়ে আক্ষেপ করেছিলেন লিটন। আজ ভালো উইকেটেও মাত্র ১০৪ রানে অলআউট হওয়ার পেছনে তিনি দায় দিয়েছেন নিজেদেরকেই, 'আসলে উইকেট ভালো ছিল। ব্যাটিংয়ের জন্য ভালো। বোলাররা ভালো বোলিং করেছে। কিন্তু আমরা ব্যাটসম্যানরা নিজেদের প্ল্যান এক্সিকিউট করতে পারিনি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত