যুক্তরাষ্ট্র সরকারের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ জুলাই তৃতীয় ও চূড়ান্ত দফার শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
তিনি জানান, বাংলাদেশ ২২ জুলাই ইউএসটিআর-এর কাছে নিজেদের অবস্থানপত্র পাঠায় এবং ২৬ জুলাই আলোচনা শুরুর প্রস্তাব দেয়। তবে ইউএসটিআর ২৯ জুলাই ওয়াশিংটন ডিসিতে আলোচনার দিন নির্ধারণ করেছে। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
আলোচনা সরাসরি হলে বাংলাদেশের প্রতিনিধিদল ২৭ জুলাই যুক্তরাষ্ট্র রওনা দেবে। তবে ভার্চুয়ালি আলোচনারও সম্ভাবনা রয়েছে বলে জানান সচিব। এ দফায় বেসরকারি খাতের কয়েকজন রপ্তানিকারক দলের সঙ্গে থাকলেও সরকারি আলোচনায় তারা অংশ নেবেন না।
মাহবুবুর রহমান আশা প্রকাশ করে বলেন, আলোচনার ফলে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের ওপর প্রযোজ্য ৩৫% শুল্ক হ্রাস করতে পারে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জাপানের জন্য ১৫%, ইন্দোনেশিয়ার জন্য ১৯%, ভিয়েতনামের জন্য ২০% এবং ফিলিপাইনের জন্য ১৯% শুল্ক নির্ধারণ করেছে।
তিনি বলেন, ইউএসটিআর-এর সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তাই বাংলাদেশও উল্লেখযোগ্য শুল্ক ছাড় পেতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের তুলা, গম, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), বিমান ও অন্যান্য কৃষিপণ্য শুল্কমুক্ত আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাংলাদেশ ২০ জুলাই মার্কিন গম সরবরাহকারীদের সঙ্গে ৭ লাখ টন গম আমদানির চুক্তি স্বাক্ষর করেছে।
