প্রকাশিত হলো ফয়সাল আহমেদের নতুন বই 'আমার নদী'

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০১:৫৩ পিএম

নদী স্মৃতিনির্ভর সংকলন গ্রন্থ 'আমার নদী' নিয়ে পাঠকের সামনে এলেন লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ। বইটি প্রকাশ করেছে জাগতিক প্রকাশন। এতে স্থান পেয়েছে ২৮ জন লেখকের লেখা।

নদীস্মৃতি বিষয়ক বই “আমার নদী”-এর সম্পাদক ফয়সাল আহমেদ জানিয়েছেন, এটি মূলত তার সম্পাদিত পূর্ববর্তী সংকলন “প্রিয় নদীর গল্প”-এর ধারাবাহিকতা। বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রকর আল আখির সরকার। ১৯২ পৃষ্ঠার এ গ্রন্থটির দাম রাখা হয়েছে ৬০০ টাকা।

সংকলনে যেসব লেখকের লেখা স্থান পেয়েছে তাদের মধ্যে রয়েছেন—অরূপ তালুকদার, অসীম বিভাকর, আহমদ বশীর, আব্দুল করিম কিম, আমীন আল রশীদ, আইরিন সুলতানা, ইমরান মাহফুজ, এস.এম. শফিকুল ইসলাম কানু, কাজল রশীদ শাহীন, কাজী আলিম-উজ-জামান, চৌধুরী সাইফুল আলম, জাকারিয়া মন্ডল, টুটুল আহমেদ, মিজানুর রহমান আফরোজ, মাহমুদ হাফিজ, মামুন কবীর, মুনির হোসেন, মুহাম্মদ ফরিদ হাসান, রাকিবুল রকি, লুৎফর রহমান হিমেল, শমশের আলী, সঞ্জয় সরকার, শামস সাইদ, সাঈদ চৌধুরী, সিরাজুল ইসলাম মুনির, সিদ্দিকুর রহমান খান, সৌমিত্র দস্তিদার এবং সুমন মজুমদার। 

ফয়সাল আহমেদ বলেন, নদী মানেই শুধু ভৌগোলিক বাস্তবতা নয়, এটি আমাদের ব্যক্তিগত স্মৃতি, সংস্কৃতি ও জীবনের অংশ। ‘আমার নদী’ বইটি সেই আবেগ আর অভিজ্ঞতার বহিঃপ্রকাশ। আশা করি পাঠকের আগ্রহ ও ভালোবাসায় এটি গ্রহণযোগ্যতা পাবে, যেমন পেয়েছিল ‘প্রিয় নদীর গল্প’।

ফয়সাল আহমেদ ১৯৮৪ সালের ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ ও সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত এবং বর্তমানে বই-বিষয়ক পত্রিকা ও নদীভিত্তিক পত্রিকা ‘রিভার বাংলা’ সম্পাদনা করছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা তেরোটি। তিনি ২০১৯ সালে “সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি” গ্রন্থের জন্য কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার লাভ করেন এবং ২০২৩ সালে “বাংলার মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী” গ্রন্থের জন্য কলকাতার মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তী অ্যান্ড মার্টার যতীন দাস মেমোরিয়াল কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত