ঘরের মাঠে নিষিদ্ধ হওয়ার মুখে কোহলির বেঙ্গালুরু!

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৯:৪১ এএম

প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতে কী বিপদটাই না হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর! গত ৪ জুন শিরোপা উদযাপন করতে গিয়ে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ও অন্তত ৭০ জন আহত হওয়ার ঘটনায় ফ্যাঞ্চাইজিটিকেই দায়ী করেছে ভারতের কর্ণাটক রাজ্য সরকার। দুঃসময় পার করতে থাকা বেঙ্গালুরু এবার পেল আরেকটি দুঃসংবাদ। 

বিচারপতি জন মাইকেল কুনিয়ার নেতৃত্বাধীন তদন্ত কমিশন কোহলিদের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে বড় ইভেন্ট আয়োজনের জন্য অনুপযুক্ত ঘোষণা করে সেখানে ম্যাচ আয়োজন বন্ধের সুপারিশ করেছে। যদি কমিশনের প্রতিবেদন অনুযায়ী কর্ণাটক সরকার পদক্ষেপ নেয়, তাহলে ২০২৬ আইপিএলে চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে পারবেন না কোহলিরা।

ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩২ হাজার হলেও কোহলির আমন্ত্রণে স্টেডিয়াম এলাকায় হাজির হন প্রায় ৩ লাখ মানুষ, যা প্রত্যাশার চেয়ে কয়েক গুণ বেশি। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেদিন মাত্র ৭৯ জন পুলিশ মোতায়েন করা হয়েছিল। দর্শকেরা হুড়োহুড়িতে পদদলিত হওয়ার ঘটনা তাই আটকানো সম্ভব হয়নি। নিরাপত্তার অভাবে দুষ্কৃতিকারীরা ভিড়ে মিশে যাওয়ার সুযোগ পেয়েছিল, যা ঝুঁকি বাড়িয়েছিল।

ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কিছু সুপারিশ করেছে তদন্ত কমিশন। এগুলো বাস্তবায়নের আগ পর্যন্ত এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিপুল জনসমাগমের ইভেন্ট আয়োজন অব্যাহত রাখা জননিরাপত্তা, নগরে চলাফেরা এবং জরুরি প্রস্তুতির জন্য ঝুঁকি তৈরি করবে বলে মন্তব্য করা হয়েছে। সুপারিশগুলো হলো: 

১. স্টেডিয়াম এলাকায় দর্শকদের চলাচলের জন্য মূল সড়ক থেকে আলাদা পথ নির্মাণ করতে হবে যেন সবাই সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে আসা–যাওয়া করতে পারেন।

২. প্রবেশ ও প্রস্থানের জন্য পর্যাপ্ত গেট থাকতে হবে।

৩. সমন্বিত গণপরিবহন প্রবেশাধিকার পয়েন্ট ও পর্যটন কেন্দ্র থাকতে হবে।

৪. উপচে পড়া ভিড় সামাল দিতে পর্যাপ্ত পার্কিং সুবিধা ও গাড়ি সহজেই বের হওয়ার মতো অবকাঠামো নির্মাণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত