অভিষেক মৌসুমে ছোটবেলার নায়ক রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পে

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম

রিয়াল মাদ্রিদের হয়ে একটি মৌসুম কাটিয়ে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। দলীয় অর্জনে ভালো-মন্দ দুই দিক থাকলেও ব্যক্তিগত অর্জনে এমবাপ্পে ছিলেন দুর্দান্ত। পরিসংখ্যানের কিছু ক্ষেত্রে তিনি ছোটবেলার নায়ক পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে গেছেন। তাই রিয়াল সমর্থকেরা এখন ফরাসি বিশ্বকাপজয়ী তারকাকে নিয়ে বড় স্বপ্ন দেখতেই পারেন।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে পাড়ি জমিয়েছিলেন রোনালদো। অভিষেক মৌসুমে ৩৫ ম্যাচ খেলে গোল করেছেন ৩৩টি, অ্যাসিস্ট ১০টিতে। অন্যদিকে ২০২৪-২৫ মৌসুমে মোট  ৫৯টি ম্যাচ খেলেছেন এমবাপ্পে। গোল করেছেন ৪৪টি, আর করিয়েছেন ৫টি। দুজনই নিজেদের অভিষেক মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তবে এমবাপ্পে এক মৌসুমে ৭টি ভিন্ন প্রতিযোগিতায় গোল করে গড়েছেন অনন্য রেকর্ড।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো অভিষেক মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি। কোনো ব্যক্তিগত পুরস্কারও পাননি। তবে এমবাপ্পে তার অভিষেক মৌসুমেই জিতেছেন উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। পাশাপাশি লা লিগায় সর্বোচ্চ ৩১ গোল করে পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন ফরাসি তারকা। রিয়ালের ইতিহাসে অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও এখন এমবাপ্পের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত