মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০২:৫২ পিএম

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের সিংহভাগই শিশু-কিশোর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে আরও অনেকে। পাঁচ দিন পেরিয়ে গেলেও এই মর্মান্তিক ঘটনায় শোকাহত সারা দেশ। এতসংখ্যক শিশু-কিশোরের মৃত্যুতে শোকের আবহ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়েও।

মাইলস্টোন ট্র্যাজেডিতে এবার শোক জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটডে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে ইউনাইটেডের পক্ষ থেকে লেখা হয়, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাই। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’ ম্যানচেস্টার ইউনাইটেডের শোকবার্তা।

এর আগে এই ঘটনায় শোক প্রকাশ করেছিল কাতালান ক্লাব বার্সেলোনা। বাংলাদেশে তাদের অফিশিয়াল সমর্থকগোষ্ঠী ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’কে পাঠানো চিঠিতে ক্লাবটি লিখেছে, ‘সম্প্রতি ঢাকার একটি স্কুলে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত