টি-টোয়েন্টিতে ‘সেভেন আপের’ বিরল স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৬:১০ পিএম

অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে হেরেই চলছে শেই হোপের দল। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতেও তারা হেরেছে ৩ উইকেটের ব্যবধানে। এই হারে সিরিজে ৪-০ ব্যবধানে পিছিয়ে ক্যারিবিয়ানরা এখন হোয়াইটওয়াশের শঙ্কায়। পাশাপাশি বিব্রতকর একটা রেকর্ডেও তারা নাম লিখিয়েছে, যা বিশ্বের আর কোনো দলের নেই!

বাংলাদেশ সময় রবিবার ভোরে সেন্ট কিটসে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে ৪ বল হাতে রেখেই পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এ নিয়ে টি-টোয়েন্টিতে সপ্তমবার ২০০ বা এর বেশি রান তুলেও হারল ওয়েস্ট ইন্ডিজ! আগের ম্যাচে ২১৪ রান ২৩ বল বাকি থাকতেই তারা হেরেছিল টিম ডেভিডের বিস্ফোরক ৩৭ বলের সেঞ্চুরিতে। সিরিজ নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচে তাকে বিশ্রাম দেয় অস্ট্রেলিয়া।

অবিশ্বাস্য হলেও সত্যি যে, দুই শতাধিক রান তুললেও উইন্ডিজের কেউই আজ ফিফটি করতে পারেননি। চল্লিশের ঘরেও যেতে পারেননি কেউ, ত্রিশের ঘরে গেছেনকেবল একজন- শেরফান রাদারফোর্ড (৩১)। এছাড়া রোভম্যান পাওয়েল আর রোমারিও শেফার্ড করেন ২৮ রান। লক্ষণীয় বিষয় হলো, অধিনায়ক শেই হোপ (৯ বলে ১০) ছাড়া উইন্ডিজের প্রায় সবাই দেড়শ স্ট্রাইকরেটের ওপরে ব্যাট করেছেন। অ্যাডাম জাম্পা নিয়েছেন ৫৪ রানে উইকেট।

জবাবে ইনিংসের দ্বিতীয় বলেই অধিনায়ক মিচেল মার্শকে (০) হারায় অস্ট্রেলিয়া। আরেক ওপেনার গ্লেন ম্যাক্সওয়েল খেলেন ১৮ বলে ১ চার ৬ ছক্কায় ৪৭ রানের টর্নেডো ইনিংস। তিনে নামা জস ইংলিশের (৩০ বলে ৫১) সাথে তার জুটি হয় ৩৫ বলে ৬৬ রানের। তৃতীয় উইকেটে ক্যামেরন গ্রিনের সাথেও ২৪ বলে ৬৩ রানের বিস্ফোরক জুটি উপহার দেন ম্যাক্সওয়েল। শেষদিকে গ্রিন আর অ্যারন হার্ডি মিলে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি উপহার দিলে অজিদের জয় নিশ্চিত হয়।

গ্রিন ৩৫ বলে ৩ চার ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। কোনো ব্যাটসম্যান ৩২ রানও করতে পারেননি, এমন টি-টোয়েন্টি ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রানই সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ফিফটি ছাড়া সর্বোচ্চ রান অস্ট্রেলিয়ার। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তারা ২২১ রান করেছিল। আগামী ২৯ জুলাই বাংলাদেশ সময় ভোর ৫টায় সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত