বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে টি-টোয়েন্টি ফরম্যাটে আরও শক্তিশালী করতে পাওয়ার হিটিং কোচ হিসেবে বিশ্ববিখ্যাত জুলিয়ান উডকে দলে আনতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে শুরু হতে যাওয়া এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পেই তিনি যোগ দেবেন বলে জানিয়েছে বিসিবি।
৬ আগস্ট থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করবে টাইগাররা। তার আগেই ঢাকায় এসে তিন সপ্তাহের জন্য দলের সঙ্গে কাজ করবেন উড। টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু হবে সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে, আমিরাতে।
ইংল্যান্ডের হোয়াইট-বল রেভল্যুশনে অবদান রাখা জুলিয়ান উড এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হিসেবে কাজ করেছেন। এবারের নিয়োগ প্রসঙ্গে তিনি ক্রিকবাজকে বলেন, "হ্যাঁ, আমি সিমো (ফিল সিমন্স) এর সঙ্গে কথা বলছি। আগস্টে তিন সপ্তাহের জন্য যাচ্ছি এটা শুনেছি, যদিও এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাবনা খুব বেশি।"
তিনি আরও বলেন, "বাংলাদেশে প্রতিভার কোনো অভাব নেই। বিশেষ করে হোয়াইট-বল ক্রিকেটে বল হিট করাটা এখন খুব গুরুত্বপূর্ণ। আমি মূলত ওদের শক্তি কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে আরও দক্ষভাবে ব্যবহার করতে হবে সেটাই শেখাবো।"
বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, "আমরা আশা করছি ক্যাম্প শুরুর আগেই তিনি এসে যাবেন।"
বাংলাদেশে আসার আগে ) জুলিয়ান উড ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শ্রীলঙ্কার পুরুষ ও নারী জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি বিশেষ পাওয়ার হিটিং প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবেন।
ইংলিশ কাউন্টি ক্রিকেটার জুলিয়ান উড তার বৈপ্লবিক 'পাওয়ার হিটিং প্রোগ্রাম'-এর খ্যাতি অর্জন করেছেন। এই প্রোগ্রামে তিনি ঐতিহ্যবাহী ক্রিকেট কৌশল, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং বায়োমেকানিক্স একত্রিত করে ব্যাটিং শক্তি বহুগুণে বাড়িয়ে তোলেন। তার কৌশলে ব্যাটের গতি, দেহের ভারসাম্য ও বিস্ফোরণক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
শুবমান গিলকে দমিয়ে রাখেন গম্ভীর –অভিযোগ সাবেক তিন অধিনায়কের