ওল্ড ট্রাফোর্ড টেস্টে ভারতের ব্যাটসম্যানদের আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ম্যাচের শেষ ঘণ্টায় যখন ফলাফল নির্ধারিত হয়ে গেছে বলে মনে হচ্ছিল, তখন ম্যাচ ড্র মেনে খেলা শেষ করার প্রস্তাব দেন স্টোকস। কিন্তু ভারতের দুই অপরাজিত ব্যাটার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর তখন নিজেদের সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। তাই তারা স্টোকসের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
দীর্ঘ ১৩৮ ওভারে ইংল্যান্ড মাত্র চারটি উইকেট নিতে সক্ষম হয়
, ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৮৬ রান। এতে ৭৫ রানে এগিয়ে যায় সফরকারী দল, যা দেখে স্টোকস মনে করেন—আর কোনো ফলাফল সম্ভব নয় এবং খেলা এখানেই শেষ করা উচিত।
কিন্তু জাদেজা ও সুন্দর সেঞ্চুরির জন্য খেলতে চান। জাদেজা প্রথমে সেঞ্চুরি করেন, পরে সুন্দরও নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। এই সময় ইংল্যান্ড এমনকি হ্যারি ব্রুককে বল হাতে আনে, যিনি ব্যঙ্গ করে বলেন: “ফা.... হেল ওয়াশি, আর কত দেরি করবে?”—যখন সুন্দর বারবার বল ঠেকাচ্ছিলেন।
শেষ পর্যন্ত সুন্দর বল লেগসাইডে ঠেলে দিয়ে এক রান নেন ও সেঞ্চুরি উদ্যাপন করেন। কিন্তু জাদেজা দ্বিতীয় রান নিতে চান। ফিল্ডার বেন ডাকেটকে ধীরে ধীরে বলের পেছনে ছুটতে দেখে হাস্যরোল পড়ে যায় গ্যালারিতে।
অবশেষে হ্যান্ডশেক করে ম্যাচ ড্র মেনে নেয় দুপক্ষ। এসময়ও স্টোকসকে দেখা যায় জাদেজার সঙ্গে কিছু কথা বিনিময় করতে। পরে ম্যাচ শেষে স্টোকস বলেন, 'ভারত কঠোর পরিশ্রম করেছে, তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। একমাত্র ফলাফল ছিল ড্র। আমি আমার কোনো পেসারকে শেষ আধঘণ্টায় ইনজুরির ঝুঁকিতে ফেলতে চাইনি।'
তিনি আরও জানান, স্পিনার লিয়াম ডসন এতটা ওভার বল করার কারণে ক্লান্ত ও পেশীতে টান ধরেছিল।
ভারতীয় শিবিরে অবশ্য ছিল উচ্ছ্বাস। শুবমান গিল বলেন, 'এই ড্র আমাদের কাছে জয়ের সমান। শতক একটা সম্মানজনক অর্জন এবং ওরা দুজনেই সেটা ডিজার্ভ করেছিল। চার-পাঁচ ওভার বেশি খেলে যদি সেটি সম্ভব হয়, তাহলে সেটাই করা উচিত ছিল।'
সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন ভারতের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, 'আমি এটিকে সম্মান জানাই। শতক সহজে আসে না, এবং যারা শতক অর্জন করেছে তারা সেটা প্রাপ্য বলেই পেয়েছে।'
এই ড্রয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড এখন ২–১ ব্যবধানে এগিয়ে। সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ওভালে।
মেসির হাতে ১০ কোটি টাকা দামের ‘বার্বি’ ঘড়ি!