প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নির্বাচনে দেওয়া হবে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ, থাকবে ৬০ হাজার সেনা সদস্য

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৪:১২ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচন-সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে চলবে।

সোমবার (২৮ জুলাই) নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় মিটিং শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া নির্বাচনী কাজে ৬০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে।

৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা আসবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো তথ্য নেই।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের হটস্পট চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের রদবদলের প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে।
 

এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর এক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। প্রধান উপদেষ্টা সভায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিকনির্দেশনা দেন।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত