গাজায় যুদ্ধ না থামালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় : সৌদি আরব

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১০:৫৯ এএম

সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। 

সোমবার (২৮ জুলাই) জাতিসংঘের নিউইয়র্ক সদরদপ্তরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রিন্স ফয়সাল বলেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। এটিই এখন পর্যন্ত সৌদি আরবের সবচেয়ে স্পষ্ট অবস্থান, যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা আশা করি, আজকের এই পরিষ্কার বার্তা ভবিষ্যতেও বহাল থাকবে এবং এটি একটি বাস্তবসম্মত রাজনৈতিক গতি সৃষ্টি করবে। এই গতিই সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনা শুরুর পথ প্রশস্ত করতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, গাজায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, জীবন ও সমাজ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এমন পরিস্থিতিতে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনা করার কোনো অর্থ নেই। এর কোনো বাস্তব ভিত্তিও নেই।

এর আগে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, এই সংকটের একমাত্র রাজনৈতিক সমাধান হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ করা। এটি অর্জন না হলে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নই ওঠে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত