শুরুতে পশ্চিমবঙ্গের বিজেপির হয়ে রাজনীতির মাঠে নামলেও এবার শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়েই ভোটে লড়ার সম্ভাবনা তৈরি হয়েছে টলিউড অভিনেত্রী টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। সম্প্রতি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। সেই থেকেই শুরু হয় শ্রাবন্তীর দল পাল্টানোর গুঞ্জন।
এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘এখনই কিছু বলা সম্ভব নয়। তবে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। রাজনীতির বিষয়ে এখনো আমি পুরোপুরি স্বাবলম্বী নই। আগে সব বুঝে নিতে হবে, তারপরই সামনে এগোব। না হলে নয়।’
এদিন বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন অভিনেত্রী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্রাবন্তী। কিন্তু হারের মুখ দেখতে হয়েছিল তাকে। সেই প্রসঙ্গ টেনে শ্রাবন্তী বলেন, ‘আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব। কিন্তু তেমনটা হয়নি। তবে শুধু হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দিইনি। অভিজ্ঞতা ভালো না থাকায় আমি নিজেই সরে এসেছি।’
তিনি আরও বলেন, ‘বেহালা পশ্চিম আমার বাড়ি, আমি নিজেও ওখানে ভোট দিই। সেজন্য জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। আমি যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তবে এবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা আবেগ নয়, পরিপূর্ণ বোঝাপড়ার উপর ভিত্তি করেই নেব।’
বর্তমানেই অভিনয়ের ব্যস্ততাও রয়েছে শ্রাবন্তীর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেখানে তার সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। আর চলতি বছরের পুজায় মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর অন্যতম প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’। ছবিতে নাম ভূমিকায় রয়েছেন তিনি, আর ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চ্যাটার্জি।
