বগুড়ায় যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০২:৩৪ পিএম

বগুড়া যুবদল নেতা অতুল চন্দ্র দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাট এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই অতুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অতুল চন্দ্র দাস বগুড়া সদরের সাবগ্রাম এলাকার বাসিন্দা ও সদর উপজেলা যুবদলের আহবায়ক।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে যুবদল নেতা অতুল বগুড়া শহরের দলীয় কার্যালয় থেকে সাবগ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সাবগ্রাম হাটে একটি দোকান থেকে প্রয়োজনীয় ওষুধ কিনতে যান। এসময় কয়েকটি মোটরসাইকেলে আসা মুখোশ পড়া ৭/৮ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে অতুলকে এলোপাথড়ি আঘাত করতে থাকে।

স্থানীয়রা অতুলকে বাঁচাতে এগিয়ে আসলে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় দ্রুত দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি, যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ। জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল কবির রাশেদ জানান, যুবদল নেতা অতুলকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় স্থানান্তর করা হয়। এঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান তিনি।

বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান জানান, অতুলকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে সন্ত্রাসীরা। এঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

অতুলের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ সমাবেশ করবে যুবদল। জেলা যুবদল প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাশির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত