বগুড়ার সোনাতলায় বাঙালি নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে সোনাতলা থানার পুলিশ লাশ উদ্ধার করে। বেলা সোয়া ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী।
সোনাতলা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে লাশ সোনাতলা সদর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকার পার্শ্ববর্তী বাঙালি নদীতে ভেসে থাকতে দেখা যায়। নদীতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩২ বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী জানান, সকালে খবর পেয়ে অজ্ঞাত যুবকের লাশ বাঙালী নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।