দুঃস্বপ্নের দুই বছর কাটিয়ে ‘নির্দোষ’ প্রমাণিত হলেন পাকেতা

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১২:১১ পিএম

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা অবশেষে স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন। প্রায় দুই বছর ধরে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) তদন্তের পর একটি স্বাধীন কমিশন তাকে এই অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এফএ এবং ওয়েস্ট হ্যাম।

২০২২ সালের ২৩ নভেম্বর লেস্টার সিটি, ২০২৩ সালের ১২ মার্চ অ্যাস্টন ভিলা, ২১ মে লিডস ইউনাইটেড ও ১২ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে ওয়েস্ট হামের ম্যাচ ঘিরে মোট চারটি অভিযোগ উঠেছিল পাকেতার বিরুদ্ধে। ২০২৩ সালের আগস্টে তদন্ত শুরু করে এফএ। গত বছরের মে মাসে তার বিরুদ্ধে ‘বাজির বাজারকে প্রভাবিত করতে অনৈতিক উদ্দেশে’ কার্ড দেখার অভিযোগ গঠন করা হয়।

নিয়মানুযায়ী, কোনো ফুটবলার, ম্যাচ কর্মকর্তা এবং কোচরা বিশ্বের যে কোনো জায়গায় ফুটবলের সঙ্গে সম্পর্কিত যে কোনো বিষয়ে সরাসরি বা পরোক্ষভাবে বাজি ধরতে পারবেন না। এটা কঠোরভাবে নিষিদ্ধ। এ বিষয়ে শুনানির পর চারটি অভিযোগ ‘প্রমাণ করা সম্ভব নয়’ বলে মন্তব্য করেছে স্বাধীন নিয়ন্ত্রক কমিশন। তদন্তে অসহযোগিতা ও অভিযোগ অস্বীকার করার অভিযোগগুলো প্রমাণসাপেক্ষ। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে এফএ।

উল্লেখ্য, গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ওয়েস্ট হামের হয়ে ৩৬ ম্যাচে ৫ গোল করেন পাকেতা আর জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচে করেন ২ গোল। নির্দোষ প্রমাণিত হওয়ার পর সংবাদমাধ্যমকে পাকেতা বলেন, ‘তদন্ত শুরুর প্রথম দিন থেকে আমি এসব মারাত্মক অভিযোগের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ দাবি করে এসেছি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। তবে এটুকু বলতে চাই, সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ এবং দুই বছর পর হাসিমুখে মাঠে ফিরতে মুখিয়ে আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত