নতুন মৌসুমে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ায় বাড়তি বিশ্রামের জন্যই ছিল এমন আবেদন। তবে রিয়ালের আবেদন খারিজ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
রিয়ালকে নির্ধারিত সূচি অনুযায়ী শুরু করতে হবে নতুন মৌসুম। ১৯ আগস্ট ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা।
আরএফইএফের বিচারকের মতে লিগ সূচিতে কোনো পরিবর্তন আনার একমাত্র যুক্তি হতে পারে 'ফোর্স মেজর' অর্থাৎ অপ্রতিরোধ্য পরিস্থিতি যা এড়ানো অসম্ভব। তবে সূচি বদলে রিয়ালের করা আবেদন এমন পরিস্থিতির আওতায় পড়ে না।
জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে অংশ নেয় রিয়াল, সেখানে ৯ জুলাই সেমিফাইনালে তাদের পথচলা থামে পিএসজির কাছে হেরে।
নিজেদের আবেদনের স্বপক্ষে রিয়াল দাবি করেছিল, তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ক্লাব ওসাসুনাও এই সূচি পেছানোর ব্যাপারে সম্মত। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, ওসাসুনার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
এলপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নেবে শ্রীলঙ্কা
ত্রিদেশীয় সিরিজে জয়ে ফিরলো যুবারা