বসুন্ধরার হৃদয় বললেন, ‘আবার দেখা হতে পারে আকাশী-নীল জার্সিতে’

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১০:৩৯ পিএম

টানা ৭ মৌসুম আবাহনীর তাবুতে কাটানোর পর আসছে মৌসুমে বসুন্ধরা কিংসে নাম লেখাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ মোহাম্মদ হৃদয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক নিজের প্রোফাইলে এ ঘোষণা দেন এ মিডফিল্ডার। 

২৩ বছর বয়সী হৃদয় জানান, ‘আবাহনীতে আমি আমার ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখতাম। তবে খেলোয়াড়ি জীবন সবসময় আমাদের ইচ্ছা অনুযায়ী চলে না। সময়ের দাবিতে, বাস্তবতার প্রয়োজনে কিছু সিদ্ধান্ত নিতে হয় হৃদয়ে কষ্ট নিয়েও। সেই সিদ্ধান্ত থেকেই আমি ২০২৫-২৬ মৌসুমের জন্য বসুন্ধরা কিংসে চুক্তিবদ্ধ হয়েছি।’

আবাহনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই সিদ্ধান্ত সহজ ছিলো না। আবাহনী আমাকে শুধু একজন খেলোয়াড় হিসেবে গড়ে তোলেনি, আমাকে নেতৃত্ব, আত্মবিশ্বাস আর ভালোবাসা দিয়েছে। আমি কৃতজ্ঞ আবাহনী ক্লাবের কোচ, ম্যানেজার, কর্মকর্তাবৃন্দ, সহযোদ্ধা খেলোয়াড়রা এবং সবচেয়ে বড় শক্তি—আবাহনী সমর্থক গোষ্ঠীর প্রতি।’

২০১৮-১৯ মৌসুমে আবাহনীতে যোগ দেন হৃদয়। তিন বছরের মধ্যে জাতীয় দলেও সুযোগ পেয়ে যান এই মিডফিল্ডার। গত মৌসুমে তার নেতৃত্বে খেলে লিগে দ্বিতীয় হয় আবাহনী। এবার বসুন্ধরা জার্সিতে আলো ছড়াতে প্রস্তুত হৃদয়, ‘নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা নিয়ে আমি বসুন্ধরা কিংসের জার্সি গায়ে মাঠে নামতে প্রস্তুত। হয়তো আবারো কোনো একসময় দেখা হতে পারে আকাশী-নীল জার্সিতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত