‘র‌্যাব’ পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:৪০ এএম

রাজধানীর শাহবাগ এলাকায় ‘র‌্যাব’ পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মিন্টু হালদার (৪২), মো. নাজমুল হাসান, নির্মল হালদার (৩৭), সালাউদ্দিন (৩৫), মো. দেলোয়ার হোসেন সিকদার (৫৫), সৈয়দ শামীম হোসেন (৪৫), পবিত্র পাল (৩৮) ও বলরাম চন্দ্র পাল (৩৭)।

গত বৃহস্পতিবার সকালে শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত র‌্যাব ইউনিফর্মের তিনটি শার্ট, একটি প্যান্ট, দুটি র‌্যাবের হ্যাঙ্গিং ব্যাজ, চারটি র‌্যাবের শোল্ডার ব্যাজ, ছয়টি র‌্যাবের র‌্যাংক ব্যাজ, একটি র‌্যাবের লেনিয়ার্ড, একটি র‌্যাবের টিউনিং হ্যাঙ্গিং ব্যাজ, একটি র‌্যাব লেখা ক্যাপ, ১১টি মোবাইল ফোন, দুটি খেলনা পিস্তল, দুটি হ্যান্ডকাফ, দুটি সিগন্যাল লাইট, একটি হিরো স্কুটি উদ্ধার করা হয়।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। তিনি বলেন, গ্রেপ্তাররা পুরান ঢাকার তাঁতীবাজার স্বর্ণপট্টি এলাকায় আগত স্বর্ণ ব্যবসায়ীদের টার্গেট করত। পরে তাদের অনুসরণ এবং সুবিধাজনক স্থানে পথরোধ করে র‌্যাব বা ডিবির পরিচয় দিয়ে ডাকাতি করত। গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব বিষয় স্বীকার করেছে আসামিরা। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এই চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত