ক্রিকেটে অদ্ভুত ঘটনা, কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে লেগ সাইডে ৯ ফিল্ডার

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:০৮ পিএম

চেলমসফোর্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ড্র অবশ্যম্ভাবী জেনেও শেষ দিনে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করল ওয়ারউইকশায়ার। এসেক্সের বিরুদ্ধে ম্যাচে দ্রুত উইকেট নেওয়ার আশায় শুক্রবার (২ আগস্ট) সব ফিল্ডারকে লেগ সাইডে এনে অদ্ভুত ফিল্ডিং সাজায় তারা।

চতুর্থ দিনে ওয়ারউইকশায়ারের প্রথম ইনিংসের শেষ উইকেট জুটিতে ২০ রান যোগ হয়। অলিভার হ্যানন-ডলবি আউট হলে দলীয় সংগ্রহ থামে ৪৮৫ রানে। এসেক্সের বিশাল ৬০২-৬ ডিক্লেয়ার করা প্রথম ইনিংসের চেয়ে ১১৭ রানে পিছিয়ে পড়ে ওয়ারউইকশায়ার।

এসেক্সের পক্ষে প্রথম ইনিংসে টম ওয়েস্টলি, চার্লি অ্যালিসন ও মাইকেল পিপার—তিনজনই সেঞ্চুরি করেন। পুরো ম্যাচজুড়ে বৃষ্টির হানা থাকায় শুরু থেকেই ড্র ছিল সবচেয়ে সম্ভাব্য ফলাফল।

তবে দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই ইথান ব্যাম্বার এসেক্স ওপেনার নোয়া থেইনকে ক্যাচ তুলে দিলে ওয়ারউইকশায়ার কিছুটা আশাবাদী হয়ে ওঠে। ওয়েস্টলি দ্বিতীয়বার হাফসেঞ্চুরির পথে থাকাকালীন পল ওয়াল্টারের সঙ্গে তার জুটি ভাঙতে চায় সফরকারীরা। তখনই দেখা যায় অদ্ভুত ফিল্ডিং—সব ফিল্ডার লেগ সাইডে এনে বিরল কৌশলে উইকেট নেওয়ার চেষ্টা করে ওয়ারউইকশায়ার।

১৯৭৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৯ জন ফিল্ডারকে স্লিপে দাঁড় করিয়ে বল করেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেনিস লিলি। এরপর বিভিন্ন সময় স্লিপে ৯ ফিল্ডার রেখে বল করেছে অনেক দল।

তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এই ব্যতিক্রমী ঘটনা ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত