চট্টগ্রামে এক ব্যক্তিকে হত্যার মামলায় পাঁচ প্রতিবেশীকে ফাঁসি দিয়েছে আদালত।
আজ সোমবার (৩ আগস্ট) বেলা একটার দিকে চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-নুরুল আফসার, মোহাম্মদ রফিক, মো. সোলাইমান, আহাম্মদ ও ইলিয়াস। তারা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা। রায় ঘোষণার সময় তাদের মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা আবদুর শুকুরকে তার বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরদিন ২১ আগস্ট চাতরি এলাকায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় শুকুরের ছেলে মো. মিজান আনোয়ারা থানায় মামলা করেন।
পুলিশের তদন্তে জানা যায়, পার্শ্ববর্তী খালে জাল দেওয়া নিয়ে পূর্বশত্রুতার জেরে আসামিরা শুকুরকে পরিকল্পিতভাবে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। ১০ সাক্ষীর বক্তব্য নিয়ে আদালত এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ জানান, খুনের মামলায় পাঁচ আসামিকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারা সবাই নিহত ব্যক্তির প্রতিবেশী।
