হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ হত্যা মামলার আসামি ও ৬নং কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ পুলিশের হাত থেকে হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন। তিনি একই ইউনিয়নের নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে ৯ জন নিহত হন। ওই ঘটনায় মামলার আসামি আব্দুল মজিদকে পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করে নৌকাযোগে থানায় নিয়ে যাচ্ছিল। পথে তিনি হাতকড়া নিয়ে নৌকা থেকে লাফ দিয়ে পালান।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে খুঁজতে অভিযান চালায়। বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, আব্দুল মজিদকে গ্রেফতার করে আনার সময় তার অনুসারীরা বাধা দিলে তিনি পালিয়ে যান। তাকে ধরতে একাধিক টিম কাজ করছে।
