নারায়ণগঞ্জের আড়াইহাজারে আন্না আক্তার (২৪) নামে এক সন্তানের জননীকে প্রথমে পিটিয়ে পরে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী গ্রামে তার বসত ঘর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সৌদি প্রবাসী মো. আরিফের স্ত্রী। নিহত আন্না আক্তারের ১১ মাস বয়সের একটি পুত্র সন্তানও রয়েছে।
নিহত আন্না উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামের রোমানের মেয়ে। ৫ বছর আগে তাকে বিয়ে করে সংসারে রেখে স্বামী আরিফ সৌদি প্রবাসে যায়। এর আগে বছর দুয়েক আগে ছুটিতে বাড়ি এসেছিলেন স্বামী আরিফ।
নিহতের মা কুলসুম জানান, সোমবার সন্ধ্যায় শাশুড়ি হাসনারা, ননদ সনি আক্তার এবং চাচা শ্বশুর ফিরোজ মিয়ার সঙ্গে আন্নার ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র ঐ দিন রাতে আমার মেয়ে আন্নাকে পিটিয়ে ও পরে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করছে বলে প্রচার করতে থাকে। একপর্যায়ে তারা লাশ নামিয়ে মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায়।
নিহতের মা আরও জানান, আন্নার শ্বশুর সুরুজ মিয়া ও কাতার প্রবাসে থাকেন। এই সুযোগে তার শাশুড়ি হাসনারা এবং চাচা শ্বশুর ফিরোজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। তাদের পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে বাধা দেয় পুত্রবধূ আন্না আক্তার। এর জের ধরে পরিবারের সবাই মিলে আন্নাকে হত্যা করেছে। মঙ্গলবার সকালে পুলিশ সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠান।
নিহতের বাবা রোমান বলেন, আমার মেয়ে হত্যার বিচার চাই।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়ের করা হবে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
পিটার হাসের সঙ্গে বৈঠক ‘গুজব’, মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
জুলাই সনদ ঘোষণা অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে আহত ১১