বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, গত বছরের ৪ আগস্ট জেলে বসে জানতে পারি শত শত মানুষকে হত্যা করা হয়েছে। সবাই তখন কান্নায় ভেঙে পড়ি। সারারাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে থাকি। পরদিন বেলা ১১টায় খবর আসে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। জেলের সবাই তখন খুশিতে লাফিয়ে উঠি। আল্লাহতায়ালা শেখ হাসিনাকে এতদিন সুযোগ দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেননি।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, আমরা অনেক পতন দেখেছি, তবে আওয়ামী লীগের মতো পতন দেখিনি। তারা মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।
তিনি বলেন, ছাত্রদল-যুবদলকে হতে হবে জনগণের সেবক। কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে, তাহলে দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। দেশের মানুষ আর কোনো আয়নাঘরের নির্বাচন মেনে নেবে না।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সকাল থেকে ইউনিয়ন ও পৌরসভা থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল সহকারে বাসস্ট্যান্ড চত্বরে এসে উপস্থিত হয়। পরে আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
