নতুন স্বাধীনতার পথ তৈরি হয় গত ১৭ বছরে: রাজউক চেয়ারম্যান

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৮:৫৫ পিএম

গত ১৭ বছরে নতুন স্বাধীনতার পথ তৈরি হয়েছিল বলে মন্তব্য করছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, অনেকেই এই দিনকে ৩৬ জুলাই বা ৫ আগস্ট বলছেন, কিন্তু আমি একে বলবো দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা কে আমরা ধরে রাখতে পারিনি তাই আমাদের জন্য অতীব জরুরী ছিল এই নতুন স্বাধীনতা। যার সূচনা হয়েছিল ১/১১ এর পর থেকেই। আজকের যুব সমাজ যেই নতুন স্বাধীনতা এনেছে, তার পথ তৈরী হয়েছে গত ১৭ বছরে।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজউকের প্রধান কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের শ্রদ্ধা আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় রাজউকেরর সদস্য (পরিকল্পনা) আব্দুল কাদির, সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

রাজউক চেয়ারম্যান বলেন, আমরা যদি দেশের স্বার্থে কাজ করি, কোন ফ্যাসিস্ট সরকার বা অন্য কেও আমাদের দিয়ে কোন খারাপ কাজ করিয়ে নিতে পারবে না। বরং নিজের স্বার্থে কাজ করতে গেলেই আমাদের মাধ্যমে খারাপ কাজ ও অন্যের ক্ষতি হওয়া সম্ভব।

তিনি আরও বলেন, ‘২৪ এর জুলাই এ সকল শ্রেণির মানুষ রাস্তায় নেমেছিল, তার ফলশ্রুতিতেই এসেছে শোষণের অবসান। আবু সাঈদ, মুগ্ধ সহ অন্যান্য শহীদেরা আমাদের জন্য মানুষের সেবা করার যে পথ সুগম করে দিয়েছে, তার অনুপ্রেরণায় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো মানুষের সেবা প্রদানের। আমি অনুরোধ করবো, আমি যদি নাও থাকি, যেই থাকুক, যে সরকারই আসুক, আপনারা অনুগ্রহ করে অন্যায়ের সাথে কোন আপোষ করবেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত