চোটের কারণে লিওনেল মেসি লিগস কাপে পুমাস ইউএনএম-এর বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে খেলতে পারবেন না। তবে দলটির কোচ ও তাঁর সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো আশাবাদী, দ্রুতই মাঠে ফিরবেন মেসি।
গত শনিবার নেকাক্সার বিপক্ষে ম্যাচে মাত্র ১১ মিনিট খেলে মাঠ ছাড়েন মেসি। ম্যাচটি চলছিল চেইস স্টেডিয়ামে। তখন তাঁর ডান পায়ে পেশির ‘সামান্য ইনজুরি’ ধরা পড়ে, যা ক্লাব কর্তৃপক্ষ পরে নিশ্চিত করে। তাঁর মাঠে ফেরা নির্ভর করছে চিকিৎসা ও শারীরিক উন্নতির ওপর।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাসচেরানো বলেন,
“আমি মেসির সঙ্গে কথা বলেছি। ক্লাব যেটা বলেছে, সেটাই সঠিক। এটি গুরুতর কিছু নয়, বরং খারাপ খবরে ভালো দিক বলা চলে। মেসি সাধারণত ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠে, তাই আমরা এখনো আশাবাদী।”
মেসি এই ম্যাচে না খেললেও, আগামী রোববার এমএলএস-এ অরল্যান্ডো সিটির বিপক্ষে তাঁর খেলা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
ইন্টার মায়ামির জন্য পুমাসের বিপক্ষে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, লিগস কাপের নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি লিগ থেকে শীর্ষ চার দল যাবে নকআউট পর্বে। দুটি ম্যাচ শেষে পাঁচ পয়েন্ট নিয়ে মায়ামি আপাতত তৃতীয় স্থানে রয়েছে।
আরেকটি বড় খবর হলো—ইন্টার মায়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফালকনের আগের ম্যাচের লাল কার্ডটি প্রত্যাহার করা হয়েছে। মাসচেরানো জানান,
“আমরা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলাম এবং বিচারক প্যানেল সেটি গ্রহণ করেছে। ফালকন আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ।”
এছাড়া বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার সার্জিও বুস্কেটসকে নিয়েও কথা বলেন মাসচেরানো। বছরের শেষেই তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
“আমি বার্সেলোনায় গিয়েছিলাম ওর কাছ থেকে শিখতে। এখন আমি ওর কোচ! বুস্কেটসের মতো খেলোয়াড়কে আরও কিছুদিন খেলতে দেখতে চাই, আর সেটা যদি ইন্টার মায়ামিতেই হয়, তাহলে আরও ভালো।”
রাজনীতিতে বিলীন ভারত-পাকিস্তান টেস্ট রোমাঞ্চ