টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালং এলাকায় সড়কের নিচু অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সাজেক ভ্যালির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সাজেকে অবস্থানরত শতাধিক পর্যটক আটকে পড়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বাঁশের ভেলা ও নৌকার মাধ্যমে কিছু পর্যটককে নিরাপদে পারাপারের চেষ্টা চলছে। মোটরসাইকেল নিয়ে আসা পর্যটকরা কিছুটা কষ্টে ফিরতে পারলেও ব্যক্তিগত গাড়িতে আসা পর্যটকরা সাজেকেই আটকে রয়েছেন।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, মাচালং বাজারসংলগ্ন সড়কে ৫ থেকে ৬ ফুট পানি উঠেছিল। পানি কিছুটা কমলেও যান চলাচল সম্ভব হচ্ছে না। বুধবার বাঘাইহাট বাজারের পাশের সড়কও পানিতে ডুবে যায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, আবহাওয়া উন্নত হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আটকে পড়া পর্যটকদের সহায়তায় স্থানীয় হোটেল মালিকদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।
