লর্ডসে শিয়ালের দৌড়, রশিদের ধূর্ত স্পিনে স্পিরিট ধ্বংস লন্ডনের!

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ পিএম

ক্রিকেট বিশ্বে ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হলো ঐতিহাসিক লর্ডস। না, কোনো রেকর্ড ভাঙা ইনিংস নয় বা শেষ বলের থ্রিলারও নয়—ম্যাচ চলাকালীন হঠাৎই মাঠে ঢুকে পড়ে একটি শিয়াল! দ্য হান্ড্রেডের উদ্বোধনী ম্যাচে যখন ওভাল ইনভিনসিবলস সহজ জয় নিশ্চিতের পথে, ঠিক তখনই মাঠ দখল করে নেয় এই অপ্রত্যাশিত অতিথি।

মজার এই ঘটনায় খেলা কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। শ্রীলঙ্কায় সাপ, দক্ষিণ আফ্রিকায় মৌমাছির আগমনের মতো ঘটনাগুলো অতীতে দেখা গেলেও, ‘হোম অব ক্রিকেট’ লর্ডসে পেশাদার ম্যাচ চলাকালীন শিয়ালের হানা ছিল একেবারেই নজিরবিহীন।

শিয়ালটি দ্রুত দৌড়ে মাঠ অতিক্রম করে নিজের মতো করেই বেরিয়ে যায়, বাউন্ডারির পাশের বোর্ড টপকে। এই অদ্ভুত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

তবে শিয়ালের আগমন-পূর্ব মুহূর্তে আলোচনায় ছিলেন আফগান লেগ-স্পিনার রশিদ খান। আইপিএলের পর বিশ্রাম শেষে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই ছন্দে দেখা গেল তাকে। মাত্র ২০ বলে ৩ উইকেট নিয়ে (৩/১১) লন্ডন স্পিরিটের মিডল-অর্ডার ভেঙে দেন তিনি। তার সঙ্গী ছিলেন স্যাম কারেন, যিনি ৩/১৮ বোলিং করে প্রতিপক্ষের গতি থামিয়ে দেন। ফলাফল—লন্ডন স্পিরিট অলআউট মাত্র ৮০ রানে।

রাশিদ খান ৩ উইকেট নেন

অভিজ্ঞ দুই ব্যাটার ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসনকে ঘিরে যে দ্বৈরথের অপেক্ষায় ছিলেন দর্শকরা, তা আর জমল না। দুজনই ব্যর্থ। দলের সর্বোচ্চ রান আসে অ্যাশটন টার্নারের ব্যাট থেকে—মাত্র ২১ রান।

জবাবে ব্যাট করতে নেমে ইনভিনসিবলসের জয় ছিল সময়ের ব্যাপার। উইল জ্যাকস ও টাওয়ান্ডা মুয়েয়ে গড়েন ৩৪ রানের স্থিতিশীল জুটি। মাঝে কিছু ছোটখাটো বাধা এলেও জয়ের পথে আর খুব একটা বিপদ ঘটেনি। ১৪ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় নিশ্চিত করে ওভাল ইনভিনসিবলস।

ম্যাচসেরা রশিদ খান বলেন, “আইপিএলের পর একটু বিশ্রাম দরকার ছিল শারীরিক ও মানসিকভাবে নিজেকে পরবর্তী টুর্নামেন্টের জন্য প্রস্তুত করতে। অনেক ক্রিকেট খেলেছি গত দশ বছরে, সেই অভিজ্ঞতাই কাজে দিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “পিচে টার্ন ছিল, আমি চেষ্টা করেছি সঠিক জায়গায় বল ফেলতে। বৈচিত্র আনতে পেরেছিলাম, আর সেটাই কাজে দিয়েছে। অভিজ্ঞতা অনেক সাহায্য করে, বিশেষ করে এমন ফাস্ট-পেসড টুর্নামেন্টে।”

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত