ক্রিকেট মাঠে যেকোনো দলের জন্য অধিনায়কের কথাই শেষ কথা। প্রয়োজনে সতীর্থদের বকাবকি করতেও ছাড়েন না ক্যাপ্টেনরা। কিন্ত ওভাল টেস্টে ব্যাতিক্রম ঘটনাই ঘটেছে। একটা ভুল বোঝাবুঝির কারণে ভারত অধিনায়ক শুবমান গিলকে ধমক দিয়েছিলেন আলোচিত পেসার মোহাম্মদ সিরাজ। কিন্তু কী হয়েছিল তাদের মাঝে?
ওভাল টেস্টের শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৪ উইকেট। অন্যদিকে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। ইংল্যান্ডের ৯ উইকেট পড়ে গেলেও ম্যাচে টানটান উত্তেজনা ছিল। কারণ, শেষ উইকেটে ব্যাট করতে নেমেছিলেন কাঁধে গুরুতর চোট পাওয়া ক্রিস ওকস। অপর প্রান্তে ছিলেন গাস অ্যাটকিনসন, যিনি মূলত রান তোলার চেষ্টা করছিলেন। ভারতীয় দল চেয়েছিল আহত ওকসকে স্ট্রাইকে আনতে, যাতে তাকে বল করে সহজে উইকেট নেওয়া যায়।
এই পরিকল্পনা বাস্তবায়ন করতে ৮৪তম ওভারের শেষ বলে অ্যাটকিনসনের সিঙ্গেল নেওয়া আটকাতে একটা ওয়াইড ইয়র্কার করেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় পেসারের ধারণা ছিল, বল ব্যাটে না লাগলেও অ্যাটকিনসন প্রান্ত বদল করার চেষ্টা করবেন, এবং আহত ওকস দ্রুত দৌড়াতে না পারায় তাকে রান-আউট করা সহজ হবে। এই পরিকল্পনার অংশ হিসেবে সিরাজ শুবমান গিলকে অনুরোধ করেন, উইকেটরক্ষক ধ্রুব জুরেলকে গ্লাভস খুলে রাখার নির্দেশ দিতে।
গ্লাভস খুলে রাখলে জুরেলের থ্রো করতে কোনো সমস্যা হবে না। কিন্তু জুরেলকে কথাটা বলতে দেরি করে ফেলেন শুবমান। সিরাজ বল করার জন্য দৌড় শুরু করার পরই তিনি জুরেলকে গ্লাভস খুলতে বলেন, যা তখন আর সম্ভব ছিল না। সিরাজ পরিকল্পনা অনুযায়ী বল করেন। অ্যাটকিনসন ব্যাট চালাতে না পেরে দৌড় দেন। জুরেল বল ধরলেও গ্লাভস হাতে থাকায় যথাযথ থ্রো করতে পারেননি। বল স্টাম্পে লাগেনি। ক্রিজ থেকে প্রায় চার ফুট দূরে থাকলেও ওকস বেঁচে যান!
পরিকল্পনা ভেস্তে যাওয়ায় সিরাজের রাগ হওয়াটাই স্বাভাবিক। পরবর্তী ঘটনা শুবমান নিজেই জানিয়েছেন, ‘সিরাজ ভাই আমাকে বলেছিলেন, জুরেলকে যেন বলি কিপিং গ্লাভস খুলে ফেলতে, যাতে দ্রুত থ্রো করে সহজে রান আউট করা যায়। কিন্তু আমি বলতে একটু দেরি করে ফেলি, তখন আর তার পক্ষে গ্লাভস খোলা সম্ভব হয়নি। ফলে রান আউটের সুযোগটা মিস হয়। এতে সিরাজ ভাই রেগেমেগে আমাকে বলেন, “তুই কেন আগে বলিসনি ওকে”?’ পরে অবশ্য সেই সিরাজই হয়ে ওঠেন ভারতের ঐতিহাসিক জয়ের নায়ক।
দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ড; কৌশলী অস্ট্রেলিয়া
ফুটবল মাঠের ‘সাইকোপ্যাথ’ থেকে সিনেমার মারদাঙ্গা অভিনেতা জোন্স
২৩টি গোলাপে বরণ করা হলো মোহাম্মদ সিরাজকে
গ্যালারি থেকে মেসি দেখলেন সুয়ারেজের গোল উৎসব