ট্রাম্পকে মোদির কড়া বার্তা

আপস করব না, প্রয়োজনে ব্যক্তিগতভাবে চরম মূল্য দেব

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০২:১৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন— দেশের কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে কোনো আপস হবে না; প্রয়োজনে ব্যক্তিগতভাবে চরম মূল্য দিতে প্রস্তুত।’

দিল্লিতে এমএস স্বামীনাথ জন্মশতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি বলেন, ‘কৃষকের স্বার্থই আমাদের শীর্ষ অগ্রাধিকার। কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীদের স্বার্থে ভারত কখনোই আপস করবে না। আমি জানি, এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে চরম মূল্য দিতে হতে পারে। কিন্তু আমি প্রস্তুত। দেশের কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের জন্য ভারত প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘খাদ্য নিরাপত্তার যে ভিত্তি এমএস স্বামীনাথ তৈরি করে গিয়েছেন, তার ওপর ভিত্তি করেই আমাদের পরবর্তী লক্ষ্য— সবার জন্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।’

ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যগুলোর মধ্যে কৃষিজ পণ্য একটি বড় অংশ, এবং ট্রাম্পের নতুন শুল্ক এই খাতেই সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের রাশিয়া থেকে তেল আমদানিকে কেন্দ্র করে এই অতিরিক্ত শুল্ককে ‘শাস্তিমূলক’ ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেছে। এর আগে ২০ জুলাইও যুক্তরাষ্ট্র ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল।

এতে মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘রাশিয়া থেকে তেল আমদানির জন্য শুধু ভারতকে টার্গেট করা অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।’

এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের জ্বালানি আমদানি মূলত বাজার নির্ধারিত এবং ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে। শুধু ভারতকে লক্ষ্য করে এই ধরনের শাস্তিমূলক শুল্ক আরোপ দুঃখজনক। অন্য অনেক দেশও তাদের স্বার্থে একই কাজ করছে।’

ভারত আরও জানিয়েছে, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত