৮ হাজার টাকায় কেনা যাবে লর্ডসের এক টুকরো টার্ফ 

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৫:২৩ পিএম

২৩ বছর পর প্রথমবারের মতো বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের আউটফিল্ডের টার্ফ পুনরায় বিছানোর কাজ শুরু করতে যাচ্ছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব-এমসিসি। এ জন্য ঐতিহাসিক মাঠের ঘাসের আসল টুকরো সংগ্রহের সুযোগ পাচ্ছেন ক্রিকেট ভক্তরা।

এমসিসি তাদের সদস্যদের কাছে একটি ইমেইল পাঠিয়ে জানিয়েছে, ১.২ মিটার বাই ০.৬ মিটার আকৃতির টার্ফের টুকরো ৫০ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার টাকা) কেনা যাবে। 'এমসিসি ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ এবং ভবিষ্যতে লর্ডস মাঠের উন্নয়ন কাজের জন্য আমরা সদস্যদের ঐতিহাসিক মাঠের এক টুকরো সংগ্রহ করার সুযোগ দিচ্ছি। এই মাঠেই গড়ে উঠেছে অসংখ্য জাদুকরী মুহূর্ত।'

এই সুযোগ কেবল ক্লাবের প্রায় ২৫,০০০ সদস্যের জন্যই নয়—সাধারণ মানুষও এই টার্ফ কিনতে পারবেন। বিক্রির ১০ শতাংশ যাবে এমসিসি ফাউন্ডেশনে, আর বাকি অর্থ ব্যয় করা হবে মাঠের পরিকাঠামো উন্নয়নে।

২০০২ সালে সর্বশেষ লর্ডসের টার্ফ তুলে নতুন করে লাগানো হয়েছিল। ফাইল ছবি

আগামী সেপ্টেম্বরে লর্ডসের মাঠ সংস্কারের কাজ শুরু হবে। তখন মাঠকর্মীদের সঙ্গে যুক্ত হবেন শতাধিক স্বেচ্ছাসেবক। পুরো আউটফিল্ডের ওপরের ১৫ মিলিমিটার টার্ফ সরিয়ে নতুনভাবে ঘাস লাগানো হবে।

শেষবার লর্ডসের আউটফিল্ড বদলানো হয়েছিল ২০০২ সালে, অবশ্য ড্রেনেজ সিস্টেম উন্নতের জন্য তখন তা করা হয়েছিল। পেশাদার ফুটবল বা রাগবির মাঠে প্রতিবছরই টার্ফ বদলানো হয়, কিন্তু ক্রিকেট মাঠে এটি একটি বিরল ঘটনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত