টেস্ট ক্রিকেটে নবজন্মে মুশফিককে ছাড়িয়ে গেলেন ব্রেন্ডন টেইলর 

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৬:৪৯ পিএম

টেস্ট ক্রিকেটে ফেরার দিনটা স্বপ্নময় করে তুললেন ব্রেন্ডন টেইলর। তিন বছর পর টেস্টের মঞ্চে ফিরে গড়লেন এক বিরল রেকর্ডও। জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার এখন ২১ শতকে অভিষেক হওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ টেস্ট ক্যারিয়ারধারী খেলোয়াড়। তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের মুশফিকুর রহিমকে।

৩৯ বছর বয়সী টেইলরের টেস্ট অভিষেক হয়েছিল ২০০৪ সালের মে মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে মাঠে নামার মাধ্যমে তার ক্যারিয়ার ছুঁল ২১ বছর ৮৪ দিন, যা মুশফিকের ২০ বছর ৩৩ দিনের ক্যারিয়ারকে পেছনে ফেলেছে।

আধুনিক ক্রিকেটে কেবল শচীন টেন্ডুলকারের টেস্ট ক্যারিয়ার (২৪ বছর) ছিল দীর্ঘতর। টেইলর এখন এই শতকে অভিষেক হওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনেরও ওপরে।

তবে এই প্রত্যাবর্তনের পেছনে আছে অন্ধকার এক অধ্যায়।

২০২১ সালে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন টেইলর। পরে জানান, ম্যাচ ফিক্সিং চক্রের ব্ল্যাকমেইলের শিকার হয়েছিলেন, যারা তার কোকেন গ্রহণের ভিডিও প্রকাশের হুমকি দিয়েছিল। বিষয়টি জানার পর আইসিসি তাকে তিন বছর ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞা ঘোষণার সময় তিনি মাদক ও অ্যালকোহল আসক্তি থেকে মুক্তির জন্য পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছিলেন।

পুনরায় জাতীয় দলে ফিরেই টেইলর বলেন, “তিন বছর আগে বিছানা থেকে উঠতেও পারতাম না। আর আজ জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করছি — এটা আমি ভালোবাসি। এটা যেন নতুন করে অভিষেকের মতোই।” ফিটনেসেও বড় পরিবর্তন এনেছেন টেইলর। আগের তুলনায় প্রায় ২০ কেজি ওজন কমিয়ে এনেছেন। তিনি আরও বলেন, “সবসময় একটা অপরাধবোধ ছিল — পরিবারকে আমি হতাশ করেছি। কিন্তু তাদের ভালোবাসা, আর জিম্বাবুয়ে ক্রিকেটের সমর্থন আমাকে দ্বিতীয় সুযোগটা দিয়েছে।”

নিষেধাজ্ঞার সময়টাতে টেইলর খুলেছিলেন ব্যক্তিগত কোচিং সেন্টার। ভেবেছিলেন কোচিংয়ে ক্যারিয়ার গড়বেন। কিন্তু ২০২৭ বিশ্বকাপে দৃষ্টি রেখে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের অনুরোধে আবারও ক্রিকেট মাঠে ফেরার উৎসাহ পান। 

আজ বুলাওয়োতে ম্যাচ শুরুর আগে সতীর্থদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ব্রেন্ডন টেইলর। ওপেন করতে নামেন তিনি। ১০৭ বলে ৪৪ রান করেছেন। তবে তার তার দল ভালো করতে পারেননি। টসে জিতে আগে ব্যাট করার সুযোগ পেয়েও ১২৫ রানে গুটিয়ে গেছে। ইনিংসে টেইলরের ৪৪ই সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ করে অপরাজিত থেকে যান উইকেটকিপার তিসিগা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত