সামরিক অভিযান চালিয়ে গাজা সিটি দখলে ইসরায়েলের সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যা দিয়ে সেটি অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত কেবল ‘আরও রক্তপাত ডেকে আনবে’, কিন্তু সংকট সমাধান বা জিম্মিদের মুক্তির কোনো পথ তৈরি করবে না।
শুক্রবার (৮ আগস্ট) ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে দেওয়া এক বিবৃতিতে স্টারমার এ কথা বলেন।
তিনি বলেন, ‘গাজায় সামরিক অভিযান আরও বাড়ানোর সিদ্ধান্ত ইসরায়েল সরকারের ভুল পদক্ষেপ। আমরা তাদের এ সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘এই পদক্ষেপ সংঘাতের অবসান ঘটাবে না, কিংবা জিম্মিদের মুক্তির পথও সুগম করবে না। বরং এটি কেবল আরও রক্তপাত ও মানবিক সংকট ডেকে আনবে।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, গাজায় প্রতিদিনই মানবিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে, আর হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের রাখা হচ্ছে ‘নির্মম ও অমানবিক অবস্থায়’।
স্টারমার বলেন, ‘আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন একটি যুদ্ধবিরতি, মানবিক সহায়তার ব্যাপক প্রবাহ, হামাসের হাতে আটক সব জিম্মির মুক্তি এবং একটি সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক সমাধান।’
তিনি স্পষ্ট করে বলেন, ‘গাজার ভবিষ্যতে হামাসের কোনো ভূমিকা থাকতে পারে না। তাদের অস্ত্র নামিয়ে রেখে সরে দাঁড়াতে হবে।’
স্টারমার আরও বলেন, যুক্তরাজ্য তার মিত্রদের সঙ্গে একসঙ্গে একটি দীর্ঘমেয়াদী শান্তি পরিকল্পনার ওপর কাজ করছে, যার ভিত্তি হবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান— যাতে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।
তবে তিনি সতর্ক করে বলেন, ‘উভয় পক্ষ যদি সদিচ্ছা নিয়ে আলোচনায় না বসে, তবে এই সম্ভাবনা চোখের সামনে থেকেই বিলীন হয়ে যাবে।’
তার ভাষ্য, ‘কূটনৈতিক সমাধান এখনও সম্ভব। তবে সেই পথে এগোতে হলে উভয় পক্ষকেই ধ্বংসের পথ থেকে সরে আসতে হবে।’
