দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের আরও দুই রাউন্ড বাকি। আগামী সেপ্টেম্বরে সেই দুই ম্যাচ দিয়ে লিওনেল মেসিদের বাছাইপর্বের মিশন শেষ হবে।
অক্টোবরে চীন সফরে যাওয়ার কথা ছিল লিওনেল স্কালোনির দলের। তবে সেটি বাতিল করে নতুন প্রতিপক্ষ হিসেবে মেক্সিকোর নাম চূড়ান্ত করা হয়েছে। এমন তথ্য জানিয়েছে একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যম।
টিওয়াইসি স্পোর্টস বলছে, চীনে নির্ধারিত সফর বাতিল করে ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে সবশেষ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা।
সেই ম্যাচের আগে সৌদির কাছে হেরে গিয়েছিল ফেবারিট হিসেবে আসর শুরু করা আর্জেন্টিনা। মেক্সিকো ম্যাচেও প্রথমার্ধে ছিল গোলশূন্য। আর্জেন্টিনা ভক্তরা ছিলেন শঙ্কায়। হারলে বা ড্র করলে যে শেষ হয়ে যেতে পারে বিশ্বকাপ জয়ের স্বপ্নই। তবে ৬৪ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে নিচু শটে আচমকা গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক মেসি। সেই স্মৃতি আজও ভক্তদের মনে গেঁথে আছে। পরে এনজো ফার্নান্দেজ গোল করেন। মেসির সেই গোলই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচের সময় ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। টিওয়াইসির মতে আগামী ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে শিকাগোর সোলজার ফিল্ডে আর্জেন্টিনা ও মেক্সিকোর মুখোমুখি হবে। বলা হচ্ছে অক্টোবরে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। তবে সেই ম্যাচের প্রতিপক্ষ ভেন্যু কিছুই এখনো নিশ্চিত নয়।
পরবর্তী বিশ্বকাপ আসরের স্বাগতিক যুক্তরাষ্ট্র, সঙ্গে আছে মেক্সিকো ও কানাডা। তাই আর্জেন্টিনা বিশ্বকাপকে সামনে রেখে বেশিরভাগ প্রীতি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলবে এমনই ধারণা করা হচ্ছে।
অক্টোবরে প্রীতি ম্যাচের আগে ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের মাঠে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা, ১০ সেপ্টেম্বর খেলবে ইকুয়েডরের মাঠে।
অলিম্পিক গোল করে তাক লাগিয়ে দিলেন শান্তি
শান্তির অলিম্পিক, তৃষ্ণার হ্যাটট্রিকে তিমুরের জালে ৮ গোল মেয়েদের
মালিক জাতীয় দলে ডাক পেতেই পাসপোর্ট চিবিয়ে নষ্ট করল কুকুর!