দেশে আবারও ৫ আগস্টের মতো পরিস্থিতি তৈরি হবে এই আশায় গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির ৩জন আসামি পালানোর প্রস্তুতি নিয়েছিলেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ওই কারাগারের জেলার মো. আসাদুর রহমান কোনাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।
জেল পালানোর প্রস্তুতি নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিরা হলেন, টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদাত হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার মাঝিনা এলাকার শ্রী রনি মহন্ত ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু। তারা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রধানরক্ষী মোখলেছুর রহমান। এসময় তিনি তমাল ভবনের নিচতলায় ১২নং কক্ষ হতে দেয়ালে আঘাতের শব্দ শুনতে পায়। একপর্যায়ে তার দেওয়া তথ্যমতে পরের দিন ৬ আগস্ট সকালে ওই রুমে তল্লাশি করা হয়। পরে সেখান থেকে একটি লোহার পাত, ২ টুকরা রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট লম্বা ১টি রশি, কম্বল দিয়ে তৈরী ২৫ ফুট লম্বা একটি বেল্ট, লোহার তৈরী ২টি আংটা, ১০ ফুট লম্বা খুঁটিসহ বিভিন্ন উপরকরণ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বন্দিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কারা কর্তৃপক্ষকে জানায়, জেল হতে পলায়নের জন্য প্রস্তুতির সহায়ক উপরকরণ হিসেবে উদ্ধারকৃত মালামাল তাদের সংগ্রহে রেখেছিল। ২০২৪ সালের ৫ আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি হলে তারা জেল হতে পলায়ন করতো অথবা পলায়নের সুযোগের অপেক্ষায় ছিল।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, হাইসিকিউরিটি কারাগারের জেলার একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করা ও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
