জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছিরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ঢাকার একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বের হওয়ার সময় ডিবি পরিচয়ে ৭/৮ জন লোক তাকে আটক করে। আটকের পর রাতেই নাছিরকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।
শনিবার (৮ আগস্ট) সকালে তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান দেন।
এ বিষয়ে ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক নাজনীন আক্তার জানান, গত ২০২৪ সালের ১০ অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। এই মামলার প্রধান আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য, গোলাম মো. নাছিরের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগসহ স্থানীয় কোতয়ালী থানায় গত ৫ আগস্ট পরবর্তী দায়েরকৃত কয়েকটি মামলা রয়েছে। তিনি গত ৫ আগষ্টের পর থেকেই পলাতক ছিলেন। তাকে আটকের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে মানববন্ধন ও মিছিল করা হয়।
