হাসপাতালের ফর্মে স্বামীর নামে জায়গায় এনসিপি নেতা সারোয়ার তুষারের নাম লেখা নিয়ে অভিযোগ করেছিলেন বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির সদস্য নীলা ইস্রাফিল। এর জবাবে সামাজিক মাধ্যম ফেসবুকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সারোয়ার তুষার।
সারোয়ার তুষার তার পোস্টে লিখেছেন, নীলা ইস্রাফিল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছিলেন। আমরা পুলিশ ডেকেছিলাম এবং তার পরিচিত মানবাধিকার এক্টিভিস্ট লেনিন ভাইকে ডেকেছিলাম। পুলিশের উপস্থিতিতে লেনিন ভাইসহ তাকে আমরা হাসপাতালে ভর্তি করি।
তিনি লিখেন, এই ভর্তি ফর্মে কি লেখা হচ্ছে তা তখন খেয়াল করি নাই। সেই সুযোগ ছিল না। ফর্ম ইন্টার্ন ডাক্তাররাই পূরণ করেছেন। এখন দেখা যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সার্কুলেট করা হচ্ছে।
তিনি আরও লিখেছেন, হাসপাতালের ভর্তি ফরমের ফর্মালিটিজের কথা আপনারা সবাই জানেন। নারীর ক্ষেত্রে স্বামী/পিতার নাম লিখতে হয়। অথবা যিনি নিয়ে এসেছেন তার নাম লিখতে হয়। এখানে পরিস্কারভাবে দেখা যাচ্ছে কেয়ার অব অর্থে সি/ও লেখা যেটা লাল দাগের মধ্য দিয়ে ঢেকে ফেলা হয়েছে এবং প্রচার করা হচ্ছে আমি নাকি স্বামীর ঘরে নিজের নাম লিখেছি। আমি কি পাগল? বাটপারির একটা সীমা থাকা দরকার! এসব প্রতারণা ও বাটপারি বন্ধ করতে হবে।
অনুমতি ছাড়া স্বামীর জায়গায় নিজের নাম দিয়েছে সারোয়ার: নীলা ইসরাফিল