শ্রীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে বন্ধুদের সাথে খেলতে গিয়ে বাড়ির পাশের নিমার্ণাধীন একটি কারখানার পুকুরের পানিতে ডুবে দুই সমবয়সী শিশুর মৃত্যু হয়েছে। অন্য খেলার সাথীরা আশপাশের লোকজনকে খবর দিলে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করে।

শনিবার বিকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি গ্রামে এলাকায় শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে মোহাম্মদ রায়হান সিকদার (৮) ও প্রতিবেশী রজব আলীর ছেলে মো. মাহিম আহাম্মেদ (৭)।

ডুবে যাওয়ার পর আশপাশে অন্যান্য শিশুদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কাদের জানান, খেলতে গিয়ে দুটি শিশু পানিতে পড়ে যায়। পরে সাথে থাকা অন্য শিশুদের ডাকে স্থানীয়রা পানিতে নেমে তাদের উদ্ধার করে। কিন্তু ততক্ষণে শিশু দুটি মারা যায়।

শ্রীপুর মডেল থানার (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে স্বজনরা কোনো আপত্তি না করায় মরদেহ হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত