আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনসহ দুই ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
রবিবার (১০ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এদিন মামলার আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হয়। পাশাপাশি, গ্রেপ্তারকৃত আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আগামী ১৭ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া অন্য তিন আসামি হলেন-খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
এর আগে, ৭ আগস্ট ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। গত ৩১ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
গত বছরের ১৯ জুলাই রামপুরার বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে আমির হোসেন, নাদিম ও মায়া ইসলাম নিহত হন। ওইদিন আমির হোসেন একটি ভবনের ছাদে কার্নিশ ধরে ঝুলে থাকা অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
গত জানুয়ারিতে এ ঘটনায় এএসআই চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়। তদন্তে হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাদের সম্পৃক্ততা পাওয়া যায়।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনাল মামলার পরবর্তী কার্যক্রম আগামী ১৭ আগস্ট নির্ধারণ করেছে।
