শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়ায় সিরাজগঞ্জে যান চলাচল স্বাভাবিক

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০২:৪৮ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ তুলে নিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে রবিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সিরাজগঞ্জ উত্তরবঙ্গ মহাসড়কের হাটিকুমরুল এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও সচেতন মানুষ।

এ সময় শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে। এ সময় দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার কথা জানান তারা।

এদিকে অবরোধ চলাকালীন ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে হয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, হাইওয়ে পুলিশ, সলংগা থানা পুলিশ সেখানে উপস্থিত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত