কুমিল্লা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৬৭ শিক্ষার্থী

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৪:১২ পিএম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন। ফেল থেকে পাস করেছেন ১৯০ জন শিক্ষার্থী।

রবিবার (১০ আগস্ট) একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। 

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, বোর্ডে ৩৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। এর আওতায় ৭৫ হাজার ৮৭৭টি খাতা চ্যালেঞ্জ করা হয়।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার দেখা গেছে। সারাদেশে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। এদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী। 

ফল খারাপ হওয়ায় এবার বিপুলসংখ্যক শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন। অনেকেই একাধিক বিষয়ের খাতা চ্যালেঞ্জ করেন। শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডেই ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত