শিবালয়ে পিস্তল উদ্ধার, মাদকসহ ৭ কারবারি আটক

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৪:৩৫ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পৃথক অভিযানে দুইরাউন্ড গুলিসহ একটি পিস্তল ও  ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী ও শিবালয় থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে। অপর অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকসহ ৭ কারবারিকে আটক করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ও জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি  নিশ্চিত করেন।  

মাদকসহ গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভাকলা গ্রামের আলমগীর হোসেন (৩৫), দক্ষিণ উলাইল গ্রামের নাঈম (২৬), আমডালা গ্রামের সুধাংশু সরকার (৩০), কাতরাসিন গ্রামের রাজীব মিয়া (২৮), রূপসা গ্রামের রানা আহাম্মেদ (২৯), জুনিকালসা গ্রামের রাজা মোল্লা (৪৫) ও পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার শামীম দেওয়ান (২৭)।

ডিবি পুলিশ জানায়, শিবালয়ের ভাওয়ালকান্দি গ্রামের নজিম উদ্দিনের মুদি দোকানের সামনে ও টেপড়া–উলাইল সড়কে অভিযান চালানো হয়। এ সময় আলমগীরের কাছ থেকে ১০০ পিস, নাঈমের কাছ থেকে ৫০ পিস, সুধাংশুর কাছ থেকে ৩০ পিস, শামীম দেওয়ানের কাছ থেকে ২০ পিস, রাজা মোল্লার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর দুই আসামি রাজীব মিয়া ও রানা আহাম্মেদ ইয়াবা বিক্রয়ে সহায়তা করছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

অপরদিকে, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আজম বলেন, সেনাবাহিনীর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় চায়না রিভলবারটি উদ্ধার করা হয়। এ সময় রিভলবারের সঙ্গে সাদা কাপড়ে পেঁচানো দুই রাউন্ড গুলিও পাওয়া যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, উদ্ধারকৃত রিভলবারের গায়ে ইংরেজিতে গঅউঊ ওঘ ঈঐঅওঘঅ লেখা আছে। যার বাট হতে ব্যারেল পর্যন্ত দৈর্ঘ্য ১৭ সে.মি.। সচল সোনালী ও ধূসর বর্ণের রিভলবারটি ব্যারেল, ট্রিগার, ফায়ারিং পিন সংযুক্ত আছে। যার প্রতিটির ক্যাপের পিছনে ইংরেজিতে লিখা আছে। 

ওসি আরো বলেন, অস্ত্রটি শিবালয় থানা পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে হেফাজতে নিয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত