বাংলাদেশ ব্যাংক আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। নোটটির সামনে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও পেছনে সুন্দরবনের ছবি স্থান পেয়েছে। নীল রঙের এই নোটে শাপলার ছবিও যুক্ত করা হয়েছে।
এখন পর্যন্ত নতুন ডিজাইনের মোট ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলোর মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকার কারেন্সি নোট। এসব নোটে দেশের ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর থাকছে।
নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা নকল রোধে সহায়ক হবে। তবে পুরোনো নোটও চালু থাকবে বলে জানানো হয়েছে।
এর আগে গত জুনে গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন নকশার ১০০০, ৫০ ও ২০ টাকার নোট প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক।
