গাজীপুরের শ্রীপুরে জুলাই যুদ্ধাদের নামের তালিকা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ছাত্র জনতা। জুলাই যুদ্ধাদের নামের প্রকৃত তালিকা সংশোধনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা ।
রবিবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় এ অবরোধ করেন একদল ছাত্রজনতা।
এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের লেন বন্ধ করে বিক্ষোভ করা হয়। এতে দুই লেনে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীরা। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। প্রকৃত যোদ্ধাদের নামের তালিকা সংশোধনের আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে সড়ে দাঁড়ান বিক্ষোভকারী ছাত্রজনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর একদল ছাত্র জনতা মাওনা পল্লীবিদ্যুৎ মোড়ে জড়ো হতে থাকে। কিছুক্ষণের মধ্যে শতাধিক ছাত্র-জনতা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লীবিদ্যুৎ মোড়ে এসে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন দাবিতে মিছিল ও বিক্ষোভ শুরু করেন। তাদের হাতে দাবি সম্বলিত ব্যানার ছিল। তারা বলেন, এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কে বসে পড়লে দুই লেনে যানজটের সৃষ্টি হয়। এ সময় যানবাহনের চাপে তীব্র যানজট লেগে মানুষ চরম দুর্ভোগে পড়েন। এতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের দুপুরের খাবারের ছুটি ( লাঞ্চ আওয়ার) শুরু হলে শ্রমিকরা ঘরে ফিরতে চরম কষ্ট করেন।
যানবাহনের ভিতরে নানা বয়সী যাত্রীরা আটকা পড়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। বৃদ্ধ নারী পুরুষ শিশুরা নিদারুন কষ্ট করে কয়েক ঘণ্টা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। তাদের সঙ্গে কথা বলেন।
বিক্ষোভকারী নিলয় মৃধা জানান, শ্রীপুরে জুলাই যুদ্ধাদের তালিকা ত্রুটিপূর্ণ। নিজেদের খেয়ালখুশি মতো সেখানে অনেককেই অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকৃত অনেক জুলাই যোদ্ধাদের সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। অহেতুক কিছু মানুষ কৌশলে সে তালিকায় নাম উঠিয়ে সরকারি নানা সুযোগ সুবিধা নিতে কাজ করছে। অনেকে আন্দোলনে না গিয়ে বিভিন্ন সময় অন্য কারণে আহত হয়েছেন তারাও জুলাই যোদ্ধা হিসাবে গেজেটে নাম তুলে নিচ্ছেন।
তিনি বলেন অবিলম্বে, প্রকাশ করা ৪২ জনের তালিকায় জুলাই যোদ্ধাদের যাচাই বাছাই করে সেখানে প্রকৃত জুলাই যুদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। ভুয়া আর প্রতারকদের সে তালিকা থেকে বাদ দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিক্ষোভকারী ক্ষোভ প্রকাশ করে বলেন অনেক কিশোর গ্যাং নেতারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে বলে দাবি করে তারাও জুলাই যোদ্ধা সেজে গেছেন। তারা অভিযোগ করে বলেন অনেকে বিগত সময়ের নানা অপকর্ম অপরাধ থেকে কৌশলে মুক্তি পেতে জুলাই যোদ্ধা বলে গেছেন। অনেকে টাকা পয়সা খরচ করে জুলাই লবিং করে জুলাই যোদ্ধার তালিকায় নিজেদের নাম উঠিয়েছেন। এরি মধ্যে একাধিক বিতর্কিত জুলাই যোদ্ধা নানা অপকর্মের দায়ে জেল খেটেছে। তারা অনেকেই নিজেদের অপরাধকে সহজ করতে জুলাই যোদ্ধা হয়েছে। অনেক ছাত্রলীগ কর্মীও রয়েছে জুলাই যোদ্ধার তালিকায় এমন অভিযোগও রয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক জানান, খবর পেয়ে অবরোধস্থলে গিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার সঙ্গে কথা বলা হয়। তাদের দাবির গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেওয়া হয়। মানুষের দুর্ভোগের কথা তাদের বুঝানো হয়। পরে তারা মহাসড়ক ছেড়ে দেয়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চলে যান। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে এ নিয়ে কথা বলেন।
মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান দেড় ঘণ্টার কিছু সময় বেশি মহাসড়ক বন্ধ ছিল। এতে যানজট লেগে যায় মহাসড়কের দুই লেনে। বিক্ষোভকারী সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। এখন মহাসড়ক সচল আছে কোনো যানজটের ঝামেলা নেই।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানান জুলাই যোদ্ধা তালিকা প্রকাশে অসন্তুষ্টি প্রকাশ করে ছাত্রজনতা মহাসড়ক অবরোধ করেছিল। পরে তারা আমার কাছে আসে। তাদের আশ্বস্ত করা হয়েছে যদি কেউ বাদ পড়ে থাকে তাহলে আবেদন দিলে যাচাই বাছাই করে তালিকায় আহতদের যুক্ত করা হবে। আর কারও ব্যাপারে আপত্তি থাকলেও সেটা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। শ্রীপুরে ৪২ জনের নাম উল্লেখ করে (গেজেট) জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ করা হয়েছে। সে তালিকা নিয়েও তারা আপত্তি করেছে। তাদের দাবি প্রকৃত জুলাই যোদ্ধাদের যেন তালিকায় অন্তর্ভুক্তি করা হয়। আমরা তাদের আশ্বাস দিয়েছি পুনরায় সব যাচাই করা হবে প্রয়োজনে সংশোধনও করা হবে।
স্বতন্ত্র শিক্ষা ক্যাডার বজায় রাখার দাবিতে ঢাবিতে বিক্ষোভ
বাবা লেচু মিয়ার জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন সৈয়দা আদিবা হোসেন
স্বাস্থ্য উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি
‘নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে’