মেসিবিহীন মায়ামিকে এক হালি গোল উপহার অরল্যান্ডোর

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ এএম

আগেই জানা গিয়েছিল, পায়ের চোটের কারণে মেজর সকার লিগের (এমএলএস) ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলবেন না লিওনেল মেসি। এই সুযোগে মায়ামিকে নিয়ে যেন ছেলেখেলা খেলল অরল্যান্ডো। লুইস মুরিয়েলের জোড়া গোলে অরল্যান্ডো সিটি ইন্টার মায়ামিকে ৪-১ ব্যবধানে হারিয়েছে।

বাংলাদেশ সময় সোমবার ভোরে ইন্টার অ্যান্ড কোং স্টেডিয়াম এ অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে অরল্যান্ডো সিটিকে এগিয়ে দেন মুরিয়েল। এটা ছিল ওহেদার ক্যারিয়ারের ১৩তম অ্যাসিস্ট তথা টানা ১৪ ম্যাচে গোলে অবদান। তিন মিনিট পরই ইয়ানিক ব্রাইট ব্যক্তিগত প্রচেষ্টায় নিজের ক্যারিয়ারের প্রথম গোল করে ইন্টার মায়ামিকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে মুরিয়েল ব্যক্তিগত প্রচেষ্টায় মৌসুমের অষ্টম গোল করে অরল্যান্ডোকে ২-১ এ এগিয়ে দেন। এরপর ৫৮তম মিনিটে মৌসুমের ১৪তম গোল করে ব্যবধান ৩-১ করেন ওহেদা, যার ২৭টি গোল অবদান এখন লিগে সবার শীর্ষে। ৮৮তম মিনিটে মার্কো পাসালিচ ব্যক্তিগত প্রচেষ্টায় গোল করে ব্যবধান ৪-১ করেন। এটি ছিল লিগে তার প্রথম মৌসুমের ১০ম গোল।

প্রকৃতপক্ষে মেসিকে ছাড়া মায়ামি যেন জাল খুঁজে পাচ্ছিল না। বল নিয়ন্ত্রণে রাখতেও তারা হিমশিম খেয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্লাবের হয়ে ২৩ ম্যাচের মধ্যে ১৮টিতে খেলে ১৮টি গোল করেছেন। এদিন অরল্যান্ডো সিটির গোলরক্ষক পেদ্রো গায়েসে ৪টি সেভ করেন, এর মধ্যে ছিল লুইস সুয়ারেজের এক দূরপাল্লার শট অসাধারণভাবে ঠেকিয়ে দেওয়া। মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি ৮টি সেভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত